বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়ন ও সমবায়ভিত্তিক অর্থনীতি জোরদারের আহ্বান।
বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, গ্রামীণ উন্নয়ন ও সমবায়ভিত্তিক অর্থনীতি জোরদারের আহ্বান।
মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাঁশখালীর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী ইউসিসিএ (বিআরডিবি) লিমিটেডের চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ এবং জেএস ইউএস (JSUS)-এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. এনামুল করিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম হেলালী, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. রুবেল হোসেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মুমিনুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আবদুস সবুর, জেএস ইউএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সমবায়ভিত্তিক উদ্যোগ, দারিদ্র্য বিমোচন কর্মসূচি এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে বিআরডিবির ভূমিকা তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রাম। তাই গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা বৃদ্ধি এবং টেকসই পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের আহ্বান জানান তারা।
বিশেষ অতিথির বক্তব্যে জেএস ইউএস-এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের ক্ষমতায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিআরডিবির সদস্যদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উপস্থিত সদস্য ও অতিথিদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উন্নয়নকর্মী, সমবায় সংগঠনের সদস্য, প্রতিবন্ধী শিশুদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন
Array