সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এগিয়ে চলেছে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার পরিবারের বসতঘরের নির্মাণকাজ।
সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এগিয়ে চলেছে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার পরিবারের বসতঘরের নির্মাণকাজ।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
গত বছর অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আব্দুচ সালাম হাজী বাড়ীর কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়া। তাঁর শেষ বিদায়ের মুহূর্তে গার্ড অব অনার প্রদানকালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) তাঁর বসতঘরের জরাজীর্ণ ও মানবেতর অবস্থা স্বচক্ষে দেখেন এবং বিষয়টি সাতকানিয়া উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরপরই বীর মুক্তিযোদ্ধার পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতিবেদনের প্রেক্ষিতে সাতকানিয়ার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার পরিবারকে একটি নতুন বসতঘর নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির আলোকে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বর্তমানে ঘরটির নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
আজ নির্মাণাধীন বসতঘরের কাজের বর্তমান অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান,ঢেমসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ও স্থানীয় জনপ্রতিনিধিরা। কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই যাতে কাজটি মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তাগিদ দেওয়া হয়।
পরিদর্শনকালে ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন
“দেশমাতৃকার টানে যিনি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধার পরিবার চরম অসহায়ত্বের মুখে পড়েছিল। উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে আজ তাদের জন্য একটি মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হতে চলেছে। আমরা স্থানীয় পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি তদারকি করছি, যেন বীর মুক্তিযোদ্ধার পরিবারটি দ্রুত একটি নিরাপদ ও সুন্দর ঘরে উঠতে পারে।”
বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। দ্রুতই নির্মাণকাজ শেষ করে বীর মুক্তিযোদ্ধার পরিবারটির হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন
Array