“বাঁশখালীতে খড়ের গাদায় আগুনের পর পরিবারের ৬ সদস্য অচেতন, লুটপাটের অভিযোগে চাঞ্চল্য”।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬ । ১০:২৯ অপরাহ্ণ

বাঁশখালীতে খড়ের গাদায় আগুনের পর পরিবারের ৬ সদস্য অচেতন, লুটপাটের অভিযোগে চাঞ্চল্য।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের নতুনপাড়া এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয়জন রহস্যজনকভাবে অচেতন হয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে লুটপাটের অভিযোগও উঠেছে। বিষয়টির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৪ জুন) রাতে পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার মো. ইউসূফের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

অচেতন ব্যক্তিরা হলেন— মো. ইউসূফ (৪৭), তার স্ত্রী ফরিদা বেগম (৪২), ছেলে মো. মিনহাজ (২৪), এরফান (১৭), মেয়ে জেরিন আক্তার (১৯) এবং ভাতিজা আব্দুর রহিম (২৮)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ইউসূফের বাড়ির পাশে থাকা একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন নেভাতে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে গেলে সেই সুযোগে কেউ রান্না করা খাবারে বিষাক্ত বা নেশাজাতীয় কোনো পদার্থ মিশিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা ওই খাবার খাওয়ার পর একে একে অচেতন হয়ে পড়েন।

 

পরিবারের ১০ বছর বয়সী শিশু জেনি আক্তার ওই রাতে খাবার না খাওয়ায় সুস্থ রয়েছে। তার দাবি, পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় থাকাকালে এক ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে প্রবেশ করে খাটের ড্রয়ার ভেঙে নগদ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

 

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন চৌধুরী রিপন ঘটনাস্থলে যান। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার সকালে অচেতন ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

চাম্বলের ন্যাশনাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুনুল কবির বলেন, প্রাথমিকভাবে খাদ্যের সঙ্গে বিষাক্ত কোনো পদার্থ মেশানোর আলামত পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা আশঙ্কামুক্ত।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে অসুস্থদের খোঁজখবর নিয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে অবশিষ্ট খাবারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন