বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন— ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা দীর্ঘদিন ধরে এই ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের সার্ভিস ভবনের দোতলায় লোহার অ্যাঙ্গেল ও রড ফিটিংসের কাজ করছিলেন সাকিব ও কামরুল। এ সময় ভবনের কোল ঘেঁষে যাওয়া পিডিবির উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মেইন লাইনের তারের সাথে একটি লোহার অ্যাঙ্গেলের স্পর্শ লাগে। এতে তারা তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান: হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে দুই শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় প্রধান বিদ্যুৎ লাইনের এত কাছাকাছি সুরক্ষাব্যবস্থা ছাড়া কীভাবে নির্মাণকাজ চলছিল, তা নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এবং এর পিছনে কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কতৃপক্ষের গাফিলতি রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ৬:১১ অপরাহ্ণ