আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন লামা বনবিভাগ।
মোঃ শফিকুল ইসলাম লামা,বান্দরবান প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে বান্দরবানের লামায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”। ১৩ জুন (শনিবার) বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বৃহৎ পরিবেশবান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, লামা সদর রেঞ্জ কর্মকর্তা এস. এম. কবির উদ্দিন, স্টেশন অফিসার রনি পারভেজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে ২ লাখ গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পার্বত্য অঞ্চলের পরিবেশ রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ মেগা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা সাধারণ জনগণকে নিজ নিজ খালি জায়গায় অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানান।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ৪:০২ অপরাহ্ণ