অস্ট্রেলিয়া দলের নেট বোলার হিসেবে নির্বাচিত বাঁশখালীর তানভীর, উচ্ছ্বসিত ক্রিকেটাঙ্গন।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন বাঁশখালীর তরুণ ক্রিকেটার আশরাফুল আলী তানভীর। তিনি বাঁশখালী ক্রিকেট একাডেমির একজন মেধাবী শিক্ষার্থী। তার এই অর্জনে একাডেমি পরিবারসহ পুরো বাঁশখালীবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
ক্রিকেটে নিজের দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মানের একটি দলের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন তানভীর। বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিপক্ষে অনুশীলনে বল করার অভিজ্ঞতা তার ক্রিকেট ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ, সাংবাদিক মোহাম্মদ এরশাদ বলেন, “তানভীর শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠা, পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে নিজেকে গড়ে তুলেছে। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং একাডেমির অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
একাডেমির পক্ষ থেকে জানানো হয়, তানভীরের এই অর্জন বাঁশখালী ক্রিকেট একাডেমির জন্য যেমন গর্বের, তেমনি পুরো বাঁশখালীর জন্যও একটি সম্মানের বিষয়। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে একাডেমি পরিবারের সদস্যরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
স্থানীয় ক্রীড়ামোদীরাও তানভীরের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা তাকে আরও পরিণত ও আত্মবিশ্বাসী করে তুলবে। ভবিষ্যতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করে দেশের জন্য সাফল্য বয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
বাঁশখালীর এই সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের সাফল্যে আজ গর্বিত পুরো জনপদ। সকলের প্রত্যাশা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে একদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ৩:৫২ অপরাহ্ণ