ফুটবলের উত্তেজনায় মুখর গরিবারঝীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রজেক্টরে খেলা উপভোগ শিক্ষার্থীদের।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ১২:৪৪ অপরাহ্ণ

ফুটবলের উত্তেজনায় মুখর গরিবারঝীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রজেক্টরে খেলা উপভোগ শিক্ষার্থীদের।

 

​সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

 

​ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশে ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে দেশজুড়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার গরিবারঝীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণবন্ত এক পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল ফাইনাল খেলা, যেখানে লড়ছে বরিশাল বনাম ময়মনসিংহ, তা সরাসরি উপভোগ করার এক অভাবনীয় সুযোগ পেয়েছে সাতকানিয়া উপজেলার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

​মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ আহ্বানের সাড়া দিয়ে, শিক্ষার্থীদের দেশাত্মবোধ ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। প্রজেক্টরের বিশাল পর্দায় ফাইনাল ম্যাচটি সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়, যা সাধারণ ক্লাসরুমকে মুহূর্তেই বানিয়ে তুলেছে স্টেডিয়ামের গ্যালারি।

গত কাল বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে এই খেলা উপভোগ করে। খেলা দেখার সময় শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল প্রবল আনন্দ ও উত্তেজনা।যেখানে প্রজেক্টরের পর্দায় সরাসরি খেলা দেখে শিক্ষার্থীদের আবেগ ও উদ্দীপনা স্পষ্ট ফুটে উঠেছে।

পর্দার ওপারে বরিশাল বনাম ময়মনসিংহের এই তীব্র লড়াই দেখে শিক্ষার্থীরা কেবল আনন্দিতই হয়নি, বরং তাদের মনে জন্ম নিয়েছে নতুন স্বপ্ন। খেলার টানটান উত্তেজনা দেখে ক্ষুদে শিক্ষার্থীদের অনেকেই আশার কথা শুনিয়েছে—একদিন তারাও হয়তো এমন কোনো জেলা পর্যায়ের বড় টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করবে এবং মাঠ কাঁপাবে। এই স্বপ্নই তাদের খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার প্রেরণা জোগাচ্ছে।

​শিক্ষকরা জানান, পাঠ্যবইয়ের বাইরে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা এবং বড় স্বপ্ন দেখাতে এই ধরনের কার্যক্রম দারুণ ভূমিকা রাখে। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তাদের মতে, খেলাধুলা কেবল শরীর গঠনই করে না, বরং শিক্ষার্থীদের মাঝে দলবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা ও নেতৃত্বদানের গুণাবলী তৈরি করে। এমন আয়োজন নিয়মিত করা হলে তা নতুন প্রজন্মের মানস গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন