জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় জেলায় কর্মরত সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত।
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ০৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এবং UNFPA Bandarban-এর সহযোগিতায় “জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় জেলায় কর্মরত সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার মহোদয়।
সভায় জেলার সকল থানার সার্ভিস ডেস্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, বিভিন্ন পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারী, শিশু ও অন্যান্য ভুক্তভোগীদের প্রতি মানবিক, সংবেদনশীল ও পেশাদার আচরণ নিশ্চিতকরণ, দ্রুত আইনগত সহায়তা প্রদান, সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, “জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি সার্ভিস ডেস্ক হবে ভুক্তভোগীদের জন্য একটি নিরাপদ ও আস্থার স্থান। প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনো ভুক্তভোগী ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন।
তিনি আরও বলেন, নারী, শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার সকল ভুক্তভোগীর প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাদের অভিযোগ দ্রুত গ্রহণ, প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সেবা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে সেবাদান সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় সেবার গুণগত মান আরও উন্নত করা, ভুক্তভোগী বান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সার্ভিস ডেস্কের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১২:০৭ পূর্বাহ্ণ