কাগজহীন ও স্বচ্ছ প্রশাসন বিনির্মাণে দোয়ারাবাজারে ‘ডি-নথি’ প্রশিক্ষণ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৭:২৬ অপরাহ্ণ

কাগজহীন ও স্বচ্ছ প্রশাসন বিনির্মাণে দোয়ারাবাজারে ‘ডি-নথি’ প্রশিক্ষণ।

এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার:

 

সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে গতিশীলতা আনা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সম্পূর্ণ কাগজহীন (Paperless) প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘ডি-নথি’ (Digital Nothi) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘Government Performance Monitoring System’ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ৯ জুলাই (বৃহস্পতিবার)দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডি-নথি হলো সরকারের একটি উন্নত ও আধুনিক ইলেকট্রনিক নথি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য হলো সরকারি দপ্তরগুলোর কাজকে পুরোপুরি কাগজহীন, স্বচ্ছ এবং দ্রুতগতিসম্পন্ন করা। এই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার প্রতিটি দপ্তরের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিক সেবা আরও সহজ হবে।”

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তাহিরপুর উপজেলার সহকারী প্রোগ্রামার ও দোয়ারাবাজারের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত মো: ইমরান হোসেন। তিনি ডিজিটাল ফাইল তৈরি, উপস্থাপন, অনুমোদন এবং অনলাইনে দ্রুত ফাইল নিষ্পত্তির বিভিন্ন কৌশল ও কারিগরি দিক হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

 

প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ ,উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন কর,উপজেলা মৎস্য অফিসার আরেফিন মাহমুদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান এবং উপজেলা রিসোর্স সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাউছার উল আলম প্রমুখ।

 

এছাড়াও প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী, উপজেলা ভূমি অফিসের সহকারীবৃন্দ ও সার্ভেয়ারসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই প্রশিক্ষণে অংশ নেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন