পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি: দোয়ারাবাজারে সুরমার পানি বৃদ্ধি, খোলা হলো জরুরি নিয়ন্ত্রণ কক্ষ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৭:২৮ অপরাহ্ণ

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি: দোয়ারাবাজারে সুরমার পানি বৃদ্ধি, খোলা হলো জরুরি নিয়ন্ত্রণ কক্ষ।

এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

 

টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সুরমাসহ পার্শ্ববর্তী নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জরুরি যোগাযোগের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে।

 

৯ জুলাই (বৃহস্পতিবার) দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ স্বাক্ষরিত এক জরুরি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে সার্বক্ষণিক যোগাযোগ ও দ্রুত সমন্বয় সাধনের লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষে সুনির্দিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি বা সহায়তার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের মোবাইল নম্বর ০১৭৭৫-৬৬৪৬৮৮ অথবা পিআইও কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আজাদ রহমানের মোবাইল নম্বর ০১৭১৬-১৯৯৩৫৪-এ সরাসরি যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকি মোকাবিলায় উপজেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই উপজেলার প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বলা হয়েছে এবং সভার কার্যবিবরণী উপজেলা কার্যালয়ের ত্রাণ শাখায় প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

উপজেলা প্রশাসন থেকে আরও জানানো হয়, দুর্যোগ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলার সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন