অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবান: ১২২টি বন্যাদুর্গত পরিবারকে উদ্ধার করে আশ্রয় দিল বিজিবি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৮:২০ অপরাহ্ণ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবান: ১২২টি বন্যাদুর্গত পরিবারকে উদ্ধার করে আশ্রয় দিল বিজিবি।

রোয়াংছড়ি,প্রতিনিধিঃচিংনুমং মারমা।

 

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানে আকস্মিক বন্যায় ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি সেক্টর সদর দপ্তর বান্দরবান।

 

আজ ১১ জুলাই ২০২৬ তারিখে বান্দরবান জেলা শহরের পার্শ্ববর্তী ক্রাইক্ষংপাড়া এলাকায় অতি বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। এতে ওই এলাকার বহু পরিবার বাস্তুহারা হয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সেক্টর সদর দপ্তর বান্দরবানের উদ্ধারকারী দল প্রতিকূল আবহাওয়া এবং বন্যার পানির তীব্র স্রোত উপেক্ষা করে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে ক্রাইক্ষংপাড়া এলাকা থেকে ১২২টি বন্যাদুর্গত পরিবারকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই পরিবারগুলোকে স্থানীয় ‘শহীদ মোশাররফ বিজিবি স্কুল’ এবং ‘ক্রাইক্ষংপাড়া প্রাথমিক বিদ্যালয়’-এ নিয়ে এসে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

 

জানা গেছে, গতরাত থেকেই এই উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবি সেক্টর সদর দপ্তর বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিল, বিএসপি সশরীরে উপস্থিত থেকে এই দুর্গম ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন। তাঁর নির্দেশনায় বিজিবির সদস্যরা পার্শ্ববর্তী বিভিন্ন পাড়ায় আটকে পড়া বন্যাদুর্গতদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়ার পাশাপাশি তাঁদের জন্য শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ খাবার পানি, জরুরি ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করে যাচ্ছেন।

 

এ বিষয়ে বিজিবি সেক্টর সদর দপ্তর বান্দরবানের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের মতো যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও বিজিবির এই মানবিক ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন