প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভূতপূর্ব সাফল্য।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম জেলার মধ্যে অনন্য সাফল্য অর্জন করেছে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুল এবং ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের রেকর্ড। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম জেলায় বিদ্যালয়টি সেরা অবস্থান অর্জন করেছে।
বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত দিকনির্দেশনা এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা। প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে এ পর্যন্ত ৩২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে এবং চলমান ধারাবাহিকতায় বিদ্যালয়টি এখন জেলার সেরা পর্যায়ে অবস্থান করছে।
জানা যায়, ২০১৬ সালের পূর্বে বৃত্তি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি বাঁশখালী উপজেলায় তৃতীয় স্থানে ছিল। পরবর্তীতে প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় বিদ্যালয়টি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছেছে।
এ অসাধারণ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, নিয়মিত পাঠদান, সঠিক পরিকল্পনা, শিক্ষার্থীদের পরিচর্যা এবং সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১১:২০ অপরাহ্ণ