বান্দরবানের আলীকদমে ইউপি চেয়ারম্যান সহ ০৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১১:২০ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদমে ইউপি চেয়ারম্যান সহ ০৩ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত।

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানের আলীকদম উপজেলায় টাকার বিনিময়ে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভুয়া নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্র দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনসহ ০৩ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন— আলীকদম সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকের হোসেন ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সময় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে অর্থের বিনিময়ে এই জনপ্রতিনিধিরা রোহিঙ্গাদের ভুয়া ঠিকানায় ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ও ভুয়া নাগরিকত্ব সনদ প্রদান করেন।

 

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে একটি শক্তিশালী জালিয়াতি সিন্ডিকেট এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।পরবর্তীতে উপজেলা প্রশাসনের গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান ও নথিপত্র যাচাইয়ে অভিযুক্ত জনপ্রতিনিধিদের জড়িত থাকার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে।

 

স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান,এটি সাময়িক বরখাস্তের আদেশ। অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশের জবাব, তদন্তের পরবর্তী অগ্রগতি এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো স্পর্শকাতর জাতীয় ইস্যুতে জনপ্রতিনিধিদের বরখাস্তের এই ঘটনায় আলীকদমজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল জাতীয় নিরাপত্তা রক্ষায় এই জালিয়াতি চক্রের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন