বান্দরবানের থানচিতে অবৈধ অনুপ্রবেশ: ২ মিয়ানমার নাগরিক ও ১ সহযোগী আটক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ২:৪০ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে অবৈধ অনুপ্রবেশ: ২ মিয়ানমার নাগরিক ও ১ সহযোগী আটক।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের দুই নারী নাগরিক এবং তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৭ই জুলাই (শুক্রবার) তাদের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন—মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০) ও মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী বাংলাদেশি নাগরিক মুয়ই ম্রো (৪৬)। মুয়ই ম্রো থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর আপন ছোট ভাই। তার বাড়ি থানচি সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মিয়ানমার নাগরিক ও তাদের সহযোগীকে আটক করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম করায় বিজিবির পক্ষ থেকে তাদের থানচি থানায় হস্তান্তর করা হয়।

থানচি থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে শুক্রবার তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় জড়িত স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনী নিয়মিত টহল জোরদার করেছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কবস্থায় রয়েছে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন