প্রধানমন্ত্রীর আহ্বানে বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান: পুকুর পরিষ্কার করলেন এমপি সাচিং প্রু জেরী।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৭:৫৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর আহ্বানে বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান: পুকুর পরিষ্কার করলেন এমপি সাচিং প্রু জেরী।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের ন্যায় বান্দরবানেও নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ার লক্ষ্যে প্রতি শনিবারের এই কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৮ই জুলাই (শনিবার) সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলার উজানি পাড়া রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

 

এ সময় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। এ সময় তিনি রাজগুরু বৌদ্ধ বিহারের সামনের পুকুর ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে সরাসরি অংশগ্রহণ করেন।

 

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সংসদ সদস্য সাচিং প্রু জেরী উপস্থিত এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, পরিবেশ রক্ষা ও সুস্থ থাকতে হলে আমাদের চারপাশ পরিষ্কার রাখা একান্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী দেশব্যাপী যে পরিচ্ছন্নতা অভিযানের ডাক দিয়েছেন, তা কেবল একদিনের কর্মসূচি নয়, বরং এটিকে আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। নিজ নিজ ঘর, আঙিনা এবং ধর্মীয় উপাসনালয়ের আশপাশ পরিচ্ছন্ন রাখলে শহরটি পর্যটন নগরী হিসেবে তার সৌন্দর্য ধরে রাখতে পারবে।

 

তিনি আরও বলেন, ধর্মীয় উপাসনালয় এবং এর আশেপাশের জলাধারসমূহ আমাদের ঐতিহ্য ও আবেগের জায়গা। এসব স্থান পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। নিয়মিত এমন উদ্যোগ গ্রহণের ফলে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি মশামুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন বান্দরবান গড়ে তোলা সম্ভব হবে।

 

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি,বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

স্বেচ্ছাসেবকরা বিহারের সামনের পুকুরের জঞ্জাল অপসারণসহ আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করেন।

 

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা জানান, নিয়মিত এমন পরিচ্ছন্নতা অভিযানে উৎসাহিত হয়ে তারাও স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ এলাকার সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসছেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন