দুর্যোগে মানুষের পাশে: বান্দরবানবাসীর প্রশংসায় জেলা তথ্য কর্মকর্তা।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে বান্দরবানবাসীর পাশে ত্রাতা হয়ে দাঁড়িয়ে ছিলেন জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন। সরকারি নির্দেশনায় মাঠপর্যায়ে সক্রিয় থেকে তিনি জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করায় বান্দরবানবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার বিভিন্ন দুর্গম ও প্লাবিত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া, শিশু ও গবাদি পশুর সুরক্ষা নিশ্চিত করা এবং পানিবাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে নিরবচ্ছিন্ন তথ্য প্রচার করেছিলেন তিনি এবং তার টিম।
স্থানীয় জনসাধারণ জানান, বন্যার সময় সঠিক তথ্যের অভাবে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে জেলা তথ্য অফিসারের নিয়মিত প্রচার এবং জরুরি মুহূর্তে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে দ্রুত জানানোর ফলে স্থানীয়রা অনেকটা আশ্বস্ত হয়েছেন। বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মো. আনোয়ার হোসেনের ব্যক্তিগত তদারকি সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
এ বিষয়ে জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দুর্যোগকালীন সময়ে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।বন্যাদুর্গত মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আমরা নিরলসভাবে কাজ করে গিয়েছি। তথ্য ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
বান্দরবানের সচেতন মহল মনে করেন, জেলা তথ্য অফিসারের এ ধরনের সময়োপযোগী ও সক্রিয় ভূমিকা কেবল দুর্যোগ মোকাবেলাই নয়, বরং সরকারি সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াতেও তথ্য অফিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ১১:৩৬ অপরাহ্ণ