বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য হলেন বান্দরবানের থুইসিংপ্রু লুবু।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১২:২১ অপরাহ্ণ

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য হলেন বান্দরবানের থুইসিংপ্রু লুবু।

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

 

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদ্য ঘোষিত অ্যাডহক কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বান্দরবানের কৃতি ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক থুইসিংপ্রু লুবু। তার এই সাফল্যে বান্দরবানের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

 

একজন নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ হিসেবে লুবু তার খেলোয়াড় জীবনে জাতীয় পর্যায়ে একাধিকবার বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড় জীবনের পাঠ চুকিয়ে তিনি নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন ক্রীড়া সংগঠক হিসেবে। দীর্ঘদিনের সততা, কর্মদক্ষতা ও হ্যান্ডবল খেলার উন্নয়নের প্রতি তার একনিষ্ঠতার স্বীকৃতিস্বরূপ ফেডারেশনের এই নতুন কমিটিতে তাকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

থুইসিংপ্রু লুবুর ক্রীড়াঙ্গনে সফলতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৫ সালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।

 

আন্তর্জাতিক অঙ্গনেও তিনি নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। ২০২৪ সালে ভারতের জয়পুরে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া পুরুষ অনুর্দ্ধ-১৭ হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের টিম লিডার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সেই আসরে বাংলাদেশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

 

নতুন এই দায়িত্ব সম্পর্কে থুইসিংপ্রু লুবু বলেন, হ্যান্ডবল খেলার উন্নয়ন ও প্রসারে আমি সবসময় কাজ করে যেতে চাই। ফেডারেশনের এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।

 

তার এই নিয়োগে বান্দরবান ক্রীড়া সংস্থা ও স্থানীয় ক্রীড়ামোদীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সবার প্রত্যাশা, থুইসিংপ্রু লুবুর হাত ধরে পার্বত্য অঞ্চলসহ দেশের হ্যান্ডবল অঙ্গন সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন