চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম।
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম। তিনি বর্তমানে বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি চিঠিতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
মাহবুবের রহমান শামীমের এই নিয়োগের মাধ্যমে দেশের মোট ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। বর্তমানে কেবল ঠাকুরগাঁও জেলা পরিষদটি বাকি রয়েছে।
প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ দুপুরে প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন: আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ যোগ্যতা ও সততা দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাব।
উল্লেখ্য, মাহবুবের রহমান শামীম গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে আসনটিতে জয়লাভ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। এবার জেলা পরিষদের প্রশাসক হিসেবে চট্টগ্রামের স্থানীয় সরকারের উন্নয়নে বড় ভূমিকা রাখার সুযোগ পেলেন এই বিএনপি নেতা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৫:২৩ অপরাহ্ণ