বাঁশখালীর বন্যাদুর্গত ৫৫০ পরিবারের পাশে মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশন, ৭ লাখ টাকার সহায়তা বিতরণ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৯:৪৭ অপরাহ্ণ

বাঁশখালীর বন্যাদুর্গত ৫৫০ পরিবারের পাশে মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশন, ৭ লাখ টাকার সহায়তা বিতরণ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালী উপজেলার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের উদ্যোগে গঠিত মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশন। রবিবার (১৯ জুলাই) সকালে মোজাম্বিক প্রবাসী সমাজসেবক আলহাজ মো. নাছির উদ্দীনের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সরল, শীলকূপ ইউনিয়ন এবং বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বন্যাদুর্গত প্রায় ৫৫০টি পরিবারের মাঝে প্রায় ৭ লাখ টাকার পুনর্বাসন সামগ্রী, খাদ্যসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এ সময় মানবিক সহায়তার অংশ হিসেবে অসুস্থ আবদুল হাকিমকে ৫০ হাজার টাকা এবং আবদুল কালামকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. নাছির উদ্দীন বলেন, “সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর অসংখ্য মানুষের ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। মানবতার সেবাকে অগ্রাধিকার দিয়ে আমাদের ফাউন্ডেশন সবসময় দুর্যোগকবলিত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব এবং তাদের পুনর্বাসনে সহায়তা করতেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগ-পরবর্তী কঠিন সময়ে পাওয়া খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তাদের পরিবারের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন