বান্দরবানে ঝুঁকিপূর্ণ কুহালং ভাঙা সেতু পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী, দ্রুত মেরামতের আশ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৮:১২ অপরাহ্ণ

বান্দরবানে ঝুঁকিপূর্ণ কুহালং ভাঙা সেতু পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী, দ্রুত মেরামতের আশ্বাস।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

 

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো ভাঙা সেতুটি পরিদর্শন করেছেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

 

আজ: ২০শে জুলাই সোমবার তিনি সশরীরে ভাঙা সেতুটির বর্তমান বেহাল দশা দেখতে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সেতুটি পারাপারে স্থানীয় সাধারণ মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন তিনি।

 

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী,এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো আলী, সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো মোরশেদ, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

স্থানীয় এলাকাবাসী জানান, সেতুটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা একরকম থমকে আছে। বিশেষ করে জরুরি মুহূর্তে রোগী পরিবহন এবং কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিদর্শনকালে স্থানীয়রা জনদুর্ভোগ লাঘবে সেতুটি দ্রুত মেরামতের জন্য জোর দাবি জানান।

 

জনগণের দুর্ভোগের কথা গুরুত্বের সাথে শুনে সংসদ সদস্য সাচিং প্রু জেরী তাৎক্ষণিকভাবে স্থানীয়দের আশ্বস্ত করেন। তিনি বলেন, জনগণের মৌলিক সমস্যা সমাধানে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে ভাঙা সেতুটি মেরামতের ব্যবস্থা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

 

সেতুটি দ্রুত সংস্কার করা হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে এবং স্থানীয় সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা প্রকাশ করছেন এলাকাবাসী।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন