অবশেষে শর্তসাপেক্ষে খুলল পর্যটনকেন্দ্র দেবতাখুম।
রোয়াংছড়ি, সংবাদদাতাঃ চিংনুমং মারমা।
টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে বন্ধ থাকার চার দিন পর বান্দরবানের রোয়াংছড়ির জনপ্রিয় পর্যটন স্পট ‘দেবতাখুম’ শর্তসাপেক্ষে পুনরায় খুলে দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গত মঙ্গলবার (২১ জুলাই) থেকে পর্যটকদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর আগে গত সোমবার রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ঝিরি ও ছড়ার পানির প্রবাহ বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। এতে বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা দেখা দেওয়ায় পর্যটকদের সুরক্ষার স্বার্থে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটন কেন্দ্রে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে আবহাওয়া ও নিরাপত্তার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২১ জুলাই থেকে স্পটটি উন্মুক্ত করা হয়।
পর্যটকদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত বেঁধে দেওয়া হয়েছে: পর্যটক বহনকারী কোনো যানবাহন (মোটরসাইকেল, চাঁদের গাড়ি বা ব্যক্তিগত গাড়ি) কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সকল গাড়ি কচ্ছপতলী বাজারেই পার্কিং করতে হবে। কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পর্যটকদের পায়ে হেঁটে যাতায়াত করতে হবে। নৌপথে ভ্রমণের সময় প্রত্যেক পর্যটককে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পর্যটকদের নিজেদের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের নির্দেশনাবলী যথাযথভাবে মেনে চলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাজমিন আলম তুলি জানান:আবহাওয়া যদি আকস্মিকভাবে আবার খারাপ হয়, ভারী বৃষ্টিপাত, পাহাড় ধস বা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়—তবে প্রশাসনের পক্ষ থেকে পূর্ব ঘোষণা ছাড়াই পুনরায় পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হতে পারে বলে জানিয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ । ১:১৩ অপরাহ্ণ