বান্দরবান পৌরসভায় নিয়ম বহির্ভূতভাবে সড়ক নির্মাণের অভিযোগ: অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় পৌরসভার প্রায় ৫১ লক্ষ টাকার ব্যায়ে নির্মিত একটি সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান থুই মং প্রু এন্টারপ্রাইজর বিরুদ্ধে নির্ধারিত মানদণ্ড ও প্রযুক্তির উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ তুলছেন স্থানীয় এলাকাবাসী।
প্রযুক্তি ও মানদণ্ডের তোয়াক্কা না করার অভিযোগে
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার বাস্তবায়নে প্রায় ২১০ মিটার দীর্ঘ এই সড়কটির নির্মাণকাজের শুরু থেকেই কাজে অনিয়মের অভিযোগ করে আসছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, ঢালাইয়ের কাজে নিম্নমানের সিমেন্ট, রড ও কংক্রিট ব্যবহার করা হচ্ছে। প্রাক্কলিত প্রাক্কলন বা নির্দিষ্ট অনুপাত না মেনেই দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ভাইব্রেটর ও অনান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ঢালাই দেওয়ার নিয়ম থাকলেও তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার ছাড়াই অত্যন্ত সাধারণ ও নিম্নমানের পদ্ধতিতে ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কাজের অনিয়মের বিষয়ে স্থানীয়রা বারবার প্রতিবাদ জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠান থুই মং প্রু এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী থুই মং প্রু ক্ষমতার প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, তিনি নিজেকে অঘোষিত বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়দের নানাভাবে প্রভাব বিস্তার ও হুমকি দিয়ে আসছেন।
এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য জানার জন্য ঠিকাদার থুই মং প্রুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এস এম নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুযোগ নেই। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খুব শীঘ্রই সরেজমিন পরিদর্শনে যাচ্ছি। যদি স্পেসিফিকেশন বা প্রাক্কলন অনুযায়ী কাজ হয়ে থাকে, তবে প্রয়োজনীয় পরিমাপ ও পরীক্ষা-নিরীক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হলে সামান্য বৃষ্টি বা ভারী যানবাহনের চাপে অল্প দিনেই তা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত এই উন্নয়ন প্রকল্পে হরিলুট বন্ধ করতে এবং দ্রুত কাজ স্থগিত করে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মানসম্মত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি এ বিষয়ে বান্দরবান পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সরেজমিন তদন্ত কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ৯:২৯ অপরাহ্ণ