বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩১ জুলাই (শুক্রবার) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভোলার মানিকারহাট এলাকার জহির উদ্দিনের ছেলে মো. জমির উদ্দিন (৩২) এবং রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল বান্দরবানে ভ্রমণে আসেন। তারা রুমা উপজেলার বগালেক এলাকায় পৌঁছান। এর মধ্যে ৮ জন পর্যটক বগালেকে রাত্রিযাপন করলেও মোঃ. জমির উদ্দিন ও রোকাইয়া আক্তার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কেওক্রাডংয়ের উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে রুমা-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই পর্যটক মারা যান।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কেওক্রাডং ও সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায় ভ্রমণের কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ৩:৩৪ অপরাহ্ণ