তারেক রহমানের বাঁশখালী সফর সফল করতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বান।
মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার | চট্টগ্রাম:
আগামী ৯ আগস্ট তারেক রহমানের বাঁশখালী সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পৌরসভার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন এক আহ্বান বার্তায় বলেন, বাঁশখালীর মাটিতে তারেক রহমানের আগমন এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও গৌরবের মুহূর্ত। এ সফরকে সফল করতে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরসভার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “এই আগমন শুধু একটি দলের কর্মসূচি নয়, এটি বাঁশখালীর মানুষের ঐক্য, ভালোবাসা ও আতিথেয়তার বহিঃপ্রকাশের সুযোগ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।”
মোশাররফ হোসেন আরও বলেন, বিপুল উপস্থিতির মাধ্যমে বাঁশখালীর মানুষ তাদের ঐক্য, সৌহার্দ্য ও অতিথিপরায়ণতার পরিচয় দিতে পারেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রত্যাশায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এই মুহূর্তের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আদিল উদ্দীন চৌধুরী বলেন, আগামী ৯ আগস্টের কর্মসূচি সফল করতে সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শৃঙ্খলার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাঁশখালীর মানুষের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ সফর স্মরণীয় হয়ে থাকবে।
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান, সফরকে ঘিরে পৌরসভা এলাকায় বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা আশা প্রকাশ করেন, ঐক্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে বাঁশখালীর মানুষ এ আয়োজনকে সফল করে তুলবেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ১০:০০ পূর্বাহ্ণ