বান্দরবানে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে জিপিএমএস-এর আওতায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ১২ই আগস্ট বুধবার এক গুরুত্বপূর্ণ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য বিশেষ গাড়ি সুবিধা, বৃক্ষরোপণ, খাল খনন এবং নারীর ক্ষমতায়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা-এর প্রচার ও সমন্বয় বিভাগের পরিচালক মিজ ডালিয়া ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং দেশের সার্বিক উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই নারী সমাবেশে স্থানীয় নারীসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সরকারের উন্নয়নমূলক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ১:০১ পূর্বাহ্ণ