বান্দরবানের লামায় বিশ্ব হাতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ।
মুহাম্নাদ আলমগীর লামা, বান্দরবান প্রতিনিধি:
‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় বিশ্ব হাতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সচেতনতা সভা ও ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ আগস্ট লামা রেঞ্জ ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বন বিভাগের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সচেতনতা সভায় মিলিত হয়।
এ সময় সভায় বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী রক্ষায় হাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাতির আবাসস্থল ও বিচরণপথ সংরক্ষণের পাশাপাশি মানুষ ও হাতির সংঘাত কমাতে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন, লামা বিভাগীয় বন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুলুছড়ি রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন। এ সময় লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাতির আক্রমণসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্তদের মধ্যে মোট ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্তদের মধ্যে আবুল হোসেনকে ৩ লাখ, হুমাইরা বেগমকে দেড় লাখ, ক্ষতিজা বেগমকে দেড় লাখ এবং নুরজাহান বেগমকে ৩ লাখ টাকা প্রদান করা হয়।
পরে বন বিভাগের উদ্যোগে স্থানীয়দের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হাতির চলাচলের লক্ষণ শনাক্তকরণ, হাতির উপস্থিতিতে করণীয় এবং মানুষ-হাতির সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, হাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বন সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। মানুষ ও বন্য হাতির সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ৫:১৭ অপরাহ্ণ