চট্টমেট্রো হাফ ম্যারাথনে বান্দরবান হিল রানারের সাফল্য।
মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি;
চট্টগ্রামে অনুষ্ঠিত ‘চট্টমেট্রো হাফ ম্যারাথন ২০২৬এ অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন বান্দরবান হিল রানারের সদস্যরা। ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সংগঠনটির সদস্য মো. ইকবাল হোসেন অনিক।
শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রামের নোমান কলেজ রোডে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে দৌড়বিদেরা অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
৫ কিলোমিটার ক্যাটাগরিতে প্রায় ২৫০ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন বান্দরবান হিল রানারের প্রতিনিধি মো. ইকবাল হোসেন অনিক।
এ ছাড়া ২১. ১ কিলোমিটার হাফ ম্যারাথন ক্যাটাগরিতে বান্দরবান হিল রানারের প্রতিনিধি হিসেবে অংশ নেন মো. আব্দুল্লাহ আল নোমান, ডা. সান্তনু দাশ ও ক্যক্য মারমাসহ আরও কয়েকজন দৌড়বিদ।
বান্দরবান হিল রানারের প্রতিনিধিরা বলেন, পাহাড়ি এলাকার তরুণদের মধ্যে দৌড় ও শরীরচর্চার আগ্রহ বাড়াতে তারা নিয়মিত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
ভবিষ্যতেও দেশের বিভিন্ন ম্যারাথনে অংশ নিয়ে বান্দরবানের জন্য আরও ভালো ফল করার আশা প্রকাশ করেন তারা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৮:৪১ অপরাহ্ণ