বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ । ১২:৪২ পূর্বাহ্ণ

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক বান্দরবান:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

রোববার (৩০ আগস্ট) সৌজন্য সাক্ষাতে উপাচার্যের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ জসীম উদ্দীন খান-সহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেয়ারম্যান মিসেস মা ম্যা চিং-কে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রকাশিত নিউজলেটারসহ বিভিন্ন সম্মাননা স্মারক তাঁর হাতে তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

সৌজন্য সাক্ষাতে বান্দরবানের উচ্চশিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় ও আলোচনা হয়।

এ সময় উপাচার্য বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে জেলা পরিষদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বান্দরবানের উচ্চশিক্ষার বিকাশে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন