সাতকানিয়ায় সৎমা ও ভাইয়ের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি জবরদখল ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানীয়ায় পৈত্রিক সম্পত্তি জবরদখল এবং প্রতারণার মাধ্যমে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। উপজেলার ১১নং কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইন্ধা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সকালে সাতকানিয়ার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মৃত এনু মিয়ার ছেলেরা। এ ঘটনায় এর আগে শামসুল ইসলাম ও নওয়শা মিয়া বাদী হয়ে সৎমা করিমনুন্নেছা ও সৎ ভাই বাদশার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা অত্যন্ত জুলুমবাজ ও প্রতারক প্রকৃতির। তারা বাদীদের অসুস্থতার সুযোগ এবং বাড়িতে ছেলেদের অনুপস্থিতির সুযোগ নিয়ে হুমকি-ধমকি প্রদর্শনপূর্বক পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক জবরদখল করে নেন। পরবর্তীতে গত এক মাস পূর্বে বিভিন্ন ছলচাতুরী ও প্রলোভনের আশ্রয় নিয়ে ৮টি খালি ১০০ টাকার জুডিসিয়াল স্ট্যাম্প এবং একটি নীল কাগজে জোরপূর্বক স্বাক্ষর আদায় করা হয়।
পরবর্তীতে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার বিষয়টি বুঝতে পেরে তারা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এছাড়া এ নিয়ে বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানো এবং ভুয়া চুক্তিপত্র বা আর্থিক লেনদেনের কাগজ তৈরি করে ব্ল্যাকমেইল করার হুমকি দেওয়ায় বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জোরপূর্বক নেওয়া খালি স্ট্যাম্প ও কাগজপত্র উদ্ধার, জবরদখলকৃত পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে আইনি প্রতিকার চেয়ে ইতোমধ্যে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৩৬ অপরাহ্ণ