সাতকানিয়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় ইয়াবা ও গাঁজা বিক্রির সময় আলাউদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার মক্কা হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই নুরুউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা ও গাঁজা বিক্রিকালে আলাউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ মাহলুম পাড়া গ্রামের নওশা মিয়ার ছেলে।
এবিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। উপজেলার কোথাও মাদক কেনাবেচা বা সেবনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া মাত্রই সেখানে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশাসন আরও জানায়, গত ১৬ সেপ্টেম্বর কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে এবং যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২১ অপরাহ্ণ