সাতকানিয়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্টে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি
সাতকানিয়া উপজেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, অপর্যাপ্ত জনবল এবং অস্বাস্থ্যকর বর্জ্য ব্যবস্থাপনার দায়ে তিন হাসপাতালকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা মেডিকেল অফিসার ও স্যানিটারি ইন্সপেক্টর।
অভিযানে কেরানিহাট মা ও শিশু হাসপাতালে লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ল্যাবে মেডিক্যাল টেকনোলজিস্ট উপস্থিত না থাকা সঠিকভাবে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা না করা এবং পর্যাপ্ত নার্স থাকার অপরাধে ১,০০,০০০/- (এক লাখ) টাকা,এলাইট হাসপাতালে সঠিকভাবে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা না করার অপরাধে ২০,০০০/- (বিশ হাজার) টাকা,আল হায়াত হাসপাতালে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নিয়মে না রাখার অপরাধে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসাকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:২৭ অপরাহ্ণ