সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের সেই প্রধান শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ৯:৫৭ অপরাহ্ণ

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের সেই প্রধান শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা

পাহাড়ি অঞ্চলের অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে গিয়ে এক অভূতপূর্ব মানবিক দৃষ্টান্ত স্থাপন করা বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি। বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় অনুষ্ঠানে সহকর্মীদের বেতন নিশ্চিত করতে নদীপথে নৌকা চালানো এই শিক্ষাব্রতীকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৬-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের ১০২ জন গুণী শিক্ষককে এই সম্মাননা জানানো হয়। এর মধ্যে শিক্ষায় বিশেষ ও বিরল অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষভাবে বাছাই করা সাতজন গুণী শিক্ষকের একজন হিসেবে এই সম্মাননা গ্রহণ করেন বামং খিয়াং মিংলেন।

জানা যায়, বান্দরবানের দুর্গম পাহাড়ঘেরা থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশিরভাগই অত্যন্ত অসচ্ছল পরিবারের। পাহাড়ি এলাকার এই শিক্ষার্থীরা নিয়মিত স্কুলের টিউশন ফি বা বেতন দিতে পারত না। ফলে স্কুলটির শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদান অসম্ভব হয়ে দাঁড়ায় এবং এক চরম আর্থিক সংকটের সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান ও সহকর্মীদের বাঁচাতে এক অনন্য উদ্যোগ বেছে নেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। বিদ্যালয়ের ছুটির দিনগুলোতে তিনি নিজে থানচি-তিন্দু-রেমাক্রী রুটে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে যাত্রী ও পর্যটক পরিবহন শুরু করেন। নৌকা চালিয়ে যা আয় হতো, তার সিংহভাগ টাকাই তিনি তুলে দিতেন তাঁর সহকর্মী শিক্ষক ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের জন্য। তাঁর এই ত্যাগের কাহিনী গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক প্রশংসার সৃষ্টি করে।

বিশ্ব শিক্ষক দিবসের মূল মঞ্চে তাঁর এই ত্যাগের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার সুরক্ষার ওপর বিশেষ জোর দেন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বা অবসরভাতা প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা দেন।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে এ বছর দেশের বিভিন্ন স্তরের ১০২ জন শিক্ষককে ২ লাখ টাকার চেক, সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র প্রদান করা হয়। প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের এমন সম্মাননা দেশের শিক্ষা খাতের অনুপ্রেরণা হিসেবে দীর্ঘকাল স্মরণে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন