ঢেমশায় এমপি শাহজাহান চৌধুরীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ৩:০০ অপরাহ্ণ

ঢেমশায় এমপি শাহজাহান চৌধুরীর উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময়

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ফকিরিয়া জামে মসজিদ সড়ক আরসিসি করণ, আলমগীরপাড়া সোলতান আহমদ সড়ক আরসিসি করণ, সিকদারবাড়ি সড়ক পাকাকরণ এবং কেরানীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজসহ মোট ৭টি উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান ও অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

 

পরিদর্শন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন, তিনি এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের মৌলিক সুবিধা নিশ্চিতকরণে স্থানীয়দের সার্বিক খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, জনগণের সার্বিক কল্যাণ ও এলাকার অবকাঠামোগত উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। গৃহীত প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যেন সাধারণ মানুষ দ্রুত এর সুফল পায়। এলাকার যেসব স্থানে এখনো জনদুর্ভোগ রয়ে গেছে, সে বিষয়গুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

 

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন বিদ্যমান সমস্যা ও আগামী দিনের নানা উন্নয়নমূলক প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। স্থানীয়রা জানান, গ্রামীন রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার এ ধারাবাহিক সংস্কারের ফলে জনদুর্ভোগ অনেকটাই লাঘব হবে। একই সাথে তাঁরা বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

 

পরিদর্শনকালে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোছাইন, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন আমীর নেজাম উদ্দিন, সেক্রেটারি হোছাইন আল হিশাম মোহাম্মদ জাবেদ, ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, উপজেলা পরিবহন সেক্টরের আহ্বায়ক নুরুল আলম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নেয়াজুর রহমান, বিএনপি নেতা আবদুর রহিম,ব্যবসায়ী নুরুল আলম, জসীম উদ্দিন, নজরুল ইসলাম, মো. শহীদুল্লাহ, নুর মোহাম্মদ, মোহাম্মদ জামাল ও মোহাম্মদ এহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক : মো আসমত হোসেন , নির্বাহী সম্পাদক : শহিদুজ্জামান হক ।  কপিরাইট © দৈনিক বাংলা নিউজ ,সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন