পাহাড়ের সবুজ বনায়ন ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ।
পাহাড়ের সবুজ বনায়ন ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ।
থানচি (বান্দরবান) প্রতিনিধি: রেমবো ত্রিপুরা।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পাহাড়ধস রোধ এবং সবুজ বনায়ন বৃদ্ধির লক্ষ্যে বাকলাইপাড়া সাবজোনের আওতাধীন তামলোপাড়া টিওবি এবং ২৪ কিমি টিওবি-এর সার্বিক তত্ত্বাবধানে সিমত্লাংপি পাড়ায় এক উৎসবমুখর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগ পুরো এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন তামলোপাড়া টিওবি-এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মিরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুইজন জেসিওসহ অন্যান্য পদবির সেনাসদস্যরা।
পাহাড়ের দুর্গম এই জনপদে সবুজায়ন বাড়াতে সেনাসদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় শিশু, কিশোর ও বয়োবৃদ্ধরা ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে স্থানীয়দের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লেফটেন্যান্ট মিরাজ, তিনি পাড়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ সিমত্লাংপি পাড়ার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সেনাবাহিনী এবং স্থানীয় জনসাধারণের মাঝে এক অটুট আস্থার সম্পর্ক বিদ্যমান। আমরা বিশ্বাস করি, আপনাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকলে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত যেকোনো উন্নয়নমূলক কাজ অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। আপনাদের সার্বিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সেনাবাহিনীর এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিমত্লাংপি পাড়ার কারবারি তার বক্তব্যে বলেন, “দুর্গম এই পাহাড়ে যেকোনো বিপদে-আপদে বাংলাদেশ সেনাবাহিনীই আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা কেবল গাছই লাগাননি, বরং আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এক নতুন সচেতনতার বীজ বপন করেছেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত পাড়াবাসীর মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই কর্মসূচি পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি সামরিক-অসামরিক সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন
Array