শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দেশের সব জাতিগোষ্ঠীকে একসূত্রে গেঁথেছে: পার্বত্য মন্ত্রী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দেশের সব জাতিগোষ্ঠীকে একসূত্রে গেঁথেছে: পার্বত্য মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক,
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম “বাংলাদেশি জাতীয়তাবাদ”-এর আদর্শের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি প্রান্তের সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
আজ ১০ই অক্টোবর (শনিবার) রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল—বাংলাদেশের যে প্রান্তেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করুক না কেন, তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সুরক্ষা, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার বিষয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, সরকারের নির্দেশিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক নীতি পরিচালনায় ‘রেইনবো নেশন’-এর মাহাত্ম্য উপলব্ধি করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় পার্বত্য অঞ্চল ও সমতলের জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন মন্ত্রী।
প্রতিনিধিদলের বিভিন্ন প্রস্তাব ও দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, “আপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন। আজকের এই সভা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মাননীয় প্রধানমন্ত্রীর ‘রেইনবো নেশন’ ধারণারই বাস্তব প্রতিচ্ছবি। প্রতিনিধিদলের পেশ করা প্রতিটি প্রস্তাবনা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যৌক্তিক দাবি বাস্তবায়নে আন্তরিকতার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”
মতবিনিময় সভায় সমতলের নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের জীবনযাত্রার সার্বিক চিত্র, ভাষা-সংস্কৃতি রক্ষা এবং ভূ-সম্পত্তি সংক্রান্ত নানাবিধ জটিলতার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জানান যে, সরকারের সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর এই প্রত্যক্ষ সংলাপ ও আলোচনার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শিশির দিওসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন
Array