“চুনতি বনপুকুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাওন একাদশের শিরোপা জয়”।
চুনতি বনপুকুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাওন একাদশের শিরোপা জয়।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় আয়োজিত “চুনতি বনপুকুর ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
শুক্রবার (৫ জুন) বিকেলে চুনতি বনপুকুর একতা সংঘ’র উদ্যোগে আয়োজিত ও হাসান নগর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে পারভেজ একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে শাওন একাদশ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত একমাত্র গোলে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাওন একাদশ।
ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ শহিদুল্লাহ।উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতি ইউনিয়নের আমির মুহাম্মদ সলিম উল্লাহ এবং সেক্রেটারি মাহবুবুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শোয়াইব ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এস এম চিশতি, উপজেলা ছাত্রদল নেতা জাবেদ হাসান, যুবদল নেতা তৈয়বসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
খেলাকে ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবলপ্রেমী দর্শকদের পদচারণায় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। টানটান উত্তেজনা, চমৎকার দলীয় সমন্বয় এবং দৃষ্টিনন্দন ফুটবল নৈপুণ্যে ভরপুর ম্যাচটি দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বেশি করে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন শাওন একাদশ এবং রানারআপ পারভেজ একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজক সংগঠন চুনতি বনপুকুর একতা সংঘের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন
Array