সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলায় বিএনপি যুবদল ছাত্রদল সহ ১২ আসামি গ্রেপ্তার
সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলায় বিএনপি যুবদল ছাত্রদল সহ ১২ আসামি গ্রেপ্তার
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ১২ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে ২ জন ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তাররা হলেন— পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক মো. জসিম উদ্দিন প্রকাশ মিষ্টি জসিম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন মানিক, পুরানগড় ইউনিয়ন যুবদলের সংগঠক মোহাম্মদ রিদোয়ান ইসলাম ও টিপু প্রকাশ মিষ্টি টিপু এবং আবু মাজহারুল ইসলাম ইফাজ, আব্দুল্লাহ আল তুষার, খোরশেদ আলম ওরফে ফারুক, মো. রবিউল হোসেন রবি, আবুল কাশেম প্রকাশ লইট্ট্যা কাশেম, হাবিবুর ইসলাম ওরফে হাবিব, মো. আজাদ ও মো. হেলাল। ফলে এ মামলার ৫ নম্বর আসামি মো. সাজ্জাদ ব্যতীত সকল এজাহারনামীয় আসামি গ্রেপ্তার হয়েছে।
হত্যাকাণ্ডের ৪ দিন পর (৩ সেপ্টেম্বর) রাতে নিহত জাহেদুল ইসলামের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা জসিম উদ্দিন প্রকাশ মিষ্টি জসিমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখপূর্বক ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে এক আসামির স্বজন নাম প্রকাশ না করার শর্তে খবরের কাগজকে জানিয়েছেন, তারা ১০ জন গ্রেপ্তার এড়িয়ে হাইকোর্ট থেকে জামিনের উদ্দেশ্যে ঢাকা গিয়েছিলেন৷ মূলত সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি ২ জন চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম পিপিএম বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে মো. আজাদকে গতকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ, ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তদন্তে প্রাপ্ত অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িত অবশিষ্ট আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের পর নিহত জাহেদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে অন্তত ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
গত (৭ সেপ্টেম্বর) পুরানগড় ইউনিয়নের নতুনহাট এলাকায় জাহেদুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামি বিএনপি নেতা জসিম উদ্দিন প্রকাশ মিষ্টি জসিমকে মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী ও এলাকাবাসীর একাংশ।
মানববন্ধনে বক্তারা মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাদের আস্থা রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশা করেন। পাশাপাশি জসিমকে মামলা থেকে অব্যাহতির দাবিও জানান।
অপরদিকে, গত (১২ সেপ্টেম্বর) পুরানগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনেয়াবাদ গ্রামের জাহেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেন।
ওই সময় নিহতের মা ও মামলার বাদী মনোয়ারা বেগম, বড় বোন রূপা, খালা শাহানারা বেগম, মামা আজমত আলী ও যুবদল নেতা মোহাম্মদ ইসমাঈল উদ্দিন হত্যাকাণ্ডের ১৩ দিন পেরিয়ে গেলেও একজন আসামিকেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, জাহেদুল ইসলাম হত্যাকাণ্ডের পর এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে উত্তর সাতকানিয়ার সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন চৌধুরী রাজিব ও সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, অপরাধী যেই হোক না কেন আনীত অভিযোগ প্রমাণিত হলে আমরা সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম বলেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন
Array