“কালীপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ সম্পন্ন”।
কালীপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ সম্পন্ন।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর ৫নং কালীপুর ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখ, রোজ বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কালীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচির আওতায় মেসার্স ইশরাক এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে মোট ৮১৯ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মাঝে পণ্য বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি, যার নির্ধারিত মূল্য রাখা হয় মাত্র ৫৪০ টাকা।
পণ্য বিতরণের দিন উপকারভোগীরা নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে অত্যন্ত শৃঙ্খল পরিবেশে পণ্য গ্রহণ করেন। পুরো কার্যক্রমটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের দক্ষ ব্যবস্থাপনার প্রমাণ বহন করে।
এ বিষয়ে কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম জানান, “সরকারের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক সহায়ক। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে পণ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করেছি।”
স্থানীয় বাসিন্দারা টিসিবির এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন
Array