জামছড়ির ক্রাইক্ষ্যং পাড়ায় বন্যাদুর্গতদের পাশে জহির’স ইংলিশ কেয়ার।
জামছড়ির ক্রাইক্ষ্যং পাড়ায় বন্যাদুর্গতদের পাশে জহির’স ইংলিশ কেয়ার।
মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানের সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং পাড়ায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে জহির’স ইংলিশ কেয়ার পরিবার। প্রতিষ্ঠানটির উদ্যোগে বন্যাদুর্গত ৮০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে হঠাৎ করে বন্যার পানি বেড়ে যাওয়ায় এলাকার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। সীমিত সময়ের জন্য ইন্টারনেট সংযোগ পাওয়া গেলে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন স্বেচ্ছাসেবকেরা।
‘মানুষ মানুষের জন্য’ এই বিশ্বাস এবং ‘Love & Compassion for Humanity’ স্লোগানকে সামনে রেখে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সংগ্রহ ও প্রস্তুত করা হয়। পরে একটি রিকশাযোগে স্বেচ্ছাসেবকেরা ক্রাইক্ষ্যং পাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
পথিমধ্যে তাঁদের টাউন হল পাড়ার পানিতে তলিয়ে যাওয়া সড়ক এবং কালাঘাটা নতুন ব্রিজ প্লাবিত পথ অতিক্রম করতে হয়। বন্যার পানিতে ডুবে থাকা সড়ক দিয়ে ত্রাণসামগ্রী বহন করে এগিয়ে যাওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।
দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রা শেষে স্বেচ্ছাসেবকেরা ক্রাইক্ষ্যং পাড়ায় পৌঁছে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে ফুটে ওঠা হাসি ও কৃতজ্ঞতা স্বেচ্ছাসেবকদের সব পরিশ্রমকে সার্থক করে তোলে।
উদ্যোক্তারা জানান, পুরো কার্যক্রমটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রতিটি মুহূর্তে অনিশ্চয়তা থাকলেও সবার আন্তরিক সহযোগিতা, মানবিক দায়বদ্ধতা এবং দৃঢ় ইচ্ছাশক্তির কারণে তাঁরা সফলভাবে সহায়তা কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।
এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে অনলাইন প্রফেশনাল ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর আর্থিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি সহকর্মী মো. ঈশান, সিংমং, মো.আরিফ, জিকো, উমংসিং, সাংবাদিক ডেভিড, সাংবাদিক রিমন এবং কাজী জুয়েল, কাউছার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া জহির’স ইংলিশ কেয়ার পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান, ইংরেজি ভাষা শিক্ষক ও প্রশিক্ষক জহিরুল হক স্যারের দিক নির্দেশনা ও সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের যেসব মানুষের কাছে এখনো প্রয়োজনীয় সহায়তা পৌঁছেনি, তাঁদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন
Array