দুর্যোগে মানুষের পাশে: সানিউল ফেরদৌসের মানবিক নেতৃত্বে বান্দরবানে প্রশংসিত প্রশাসন।
দুর্যোগে মানুষের পাশে: সানিউল ফেরদৌসের মানবিক নেতৃত্বে বান্দরবানে প্রশংসিত প্রশাসন।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে বান্দরবান জেলা প্রশাসনের গৃহীত সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। দুর্যোগের শুরু থেকেই জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেওয়া হয়েছিলো বহুমুখী উদ্যোগ। দিনরাত নিরলস কাজ করে বান্দরবানের দুর্যোগ কবলিত মানুষের মনোবল অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
তথ্যমতে, পাহাড়ি জেলা বান্দরবানে টানা ও ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এমন সংকটময় পরিস্থিতিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস নিজে মাঠে নেমে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ, খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া তদারকি করেন। দুর্গম এলাকাগুলোতে যাতে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানো যায়, সেজন্য তিনি স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখেন।
সরেজমিনে দেখা যায়, বন্যাকবলিত আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধ সরবরাহে জেলা প্রশাসন তৎপর ছিল। এছাড়া স্বাস্থ্যঝুঁকি এড়াতে মেডিকেল টিম গঠন এবং আশ্রয় নেওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
এ বিষয়ে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, দুর্যোগকালীন এই সময়ে আমাদের প্রধান লক্ষ্যই হলো মানুষের জীবন বাঁচানো এবং তাদের দুর্ভোগ লাঘব করা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের প্রতিটি সদস্য মানুষের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন আমাদের ত্রাণ ও অন্যান্য সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা জানান, দুর্যোগে জেলা প্রশাসকের এমন মানবিক আচরণ ও আন্তরিকতা তাদের বেশ সাহস জোগিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে এমন দ্রুত সাড়া পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকখানি কমিয়ে আনা সম্ভব হয়েছে।
বান্দরবানের বিভিন্ন দুর্গম ও ইউনিয়ন পর্যায়ের পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়েছিল।প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল কার্যক্রম সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসনের প্রতি নতুন করে আস্থার জায়গা তৈরি করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি ও যেকোনো ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন
Array