পুকুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ শুরু।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ শুরু।
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে পুকুরিয়া ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীনের নেতৃত্বে পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বন্যার কারণে পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ও খাদ্যসংকটে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পর্যায়ক্রমে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন বলেন, “মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইউনিয়নের কোনো অসহায় পরিবার যেন খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টেক অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল করিম, প্রশাসনিক কর্মকর্তা শরীফ মঈনউদ্দীন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণ, সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন ও খাদ্যসংকটে পড়েছে। এমন সময়ে ১০ কেজি চালের এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন
Array