পুকুরে ডুবে কিশোরীর করুণ মৃত্যু: রোয়াংছড়িতে শোকের ছায়া
পুকুরে ডুবে কিশোরীর করুণ মৃত্যু: রোয়াংছড়িতে শোকের ছায়া
চিংনুমং মারমা,রোয়াংছড়ি বান্দরবান:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া মোম নামে এক কিশোরীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাইংগা দানেশ পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া মোম বান্দরবান সদর উপজেলার কালুঘাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছাইংগা দানেশ পাড়ার একটি পুকুরে গোসল করতে নামে সাদিয়া। হঠাৎ করেই সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রোয়াংছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং মুমূর্ষু অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ লোকমান জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এদিকে কিশোরী সাদিয়ার আকস্মিক ও মর্মান্তিক এই মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন
Array