বন্যা মোকাবিলায় নিরলস পরিশ্রম: প্রশংসিত বান্দরবান সদর ইউএনও-র সাহসী পদক্ষেপ।
বন্যা মোকাবিলায় নিরলস পরিশ্রম: প্রশংসিত বান্দরবান সদর ইউএনও-র সাহসী পদক্ষেপ।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান সদর উপজেলায় সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানবিক নেতৃত্ব ও প্রশাসনিক তৎপরতার এক অনন্য নজির স্থাপন করেছেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামুণী। দুর্যোগের শুরু থেকেই তিনি মাঠ পর্যায়ে সরাসরি উপস্থিত থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও দুর্গতদের উদ্ধারে যে সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করেছেন, তা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার পানি বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই ইউএনও মারুফা সুলতানা খান হীরামুণী স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের নিয়ে জরুরি সমন্বয় সভা করেন। পাহাড়ি ঢলের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকায় তিনি আগেভাগেই দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন।
বন্যাদুর্গতরা জানান, জেলা সদরের বিভিন্ন এলাকায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও পায়ে হেঁটে ত্রাণের প্যাকেট পৌঁছে দিয়েছেন তিনি। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া নারী, শিশু ও বৃদ্ধদের খাবার ও প্রয়োজনীয় ওষুধের তদারকি করতে তাঁকে দিনরাত ব্যস্ত থাকতে দেখা গেছে। যেকোনো জরুরি প্রয়োজনে তাঁর সরকারি ফোন নম্বর বা ব্যক্তিগত উপস্থিতিতে সহায়তা পাওয়ার বিষয়টি সাধারণ মানুষের মনে এক ধরনের আস্থার জায়গা তৈরি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আমরা এমন ইউএনও আগে খুব কম দেখেছি। দুর্যোগের রাতেও তিনি মাঠ পর্যায়ে ছুটে এসেছেন। তাঁর এমন সক্রিয় ও আন্তরিক উপস্থিতি আমাদের দুর্যোগ মোকাবিলার সাহস জুগিয়েছে।
জেলা সদর ইউএনও মারুফা সুলতানা খান হীরামুণী বলেন, মানুষের বিপদে পাশে থাকাই আমাদের মূল দায়িত্ব। জেলা প্রশাসনের নির্দেশনা মেনে আমরা চেষ্টা করেছি দুর্যোগের তীব্রতা মোকাবিলা করতে। তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবক ভাই-বোনদের সাহায্য না থাকলে এই কাজগুলো এত দ্রুত করা সম্ভব হতো না।
দুর্যোগ চলাকালীন ইউএনও-র এমন নিরলস পরিশ্রম ও মানবিক কর্মকাণ্ড বান্দরবানের স্থানীয় প্রশাসনের প্রতি জনসাধারণের বিশ্বাস ও শ্রদ্ধার জায়গাটিকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন
Array