বান্দরবানের বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীর উদ্ধার ও সহায়তা কার্যক্রমে: কৃতজ্ঞ বান্দরবানবাসী।
বান্দরবানের বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনীর উদ্ধার ও সহায়তা কার্যক্রমে: কৃতজ্ঞ বান্দরবানবাসী।
বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।
পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে সৃষ্ট সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবানের মানুষের পাশে ত্রাতা হিসেবে দাঁড়িয়েছিলো বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম এলাকা থেকে পানিবন্দি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে সেনাবাহিনী বান্দরবানবাসীর হৃদয়ে অনন্য এক আস্থার জায়গা তৈরি করেছে। সেনাবাহিনীর এই মানবিক ও সক্রিয় কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
জানা গেছে, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সাথে সাথেই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বান্দরবানে উদ্ধার অভিযান শুরু করা হয়। জেলা সদরের নিম্নাঞ্চলসহ পার্শ্ববর্তী ও বিভিন্ন উপজেলার দুর্গম এলাকাগুলোতে জেলার ব্রিগেড কমান্ডার এবং সদর ও বিভিন্ন উপজেলার জোন কমান্ডারের সমন্বয় নেতৃত্বে সেনাসদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। পানিবন্দি নারী, শিশু ও বৃদ্ধদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে বন্যার ফলে সৃষ্ট বিভিন্ন রোগে আক্রান্তদের জরুরি স্বাস্থ্যসেবা ও জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করা হয়।
বান্দরবানের একজন স্থানীয় বাসিন্দা জানান, হঠাৎ পাহাড়ি ঢলে আমাদের বসতঘর তলিয়ে গিয়েছিল। চারদিকে পানি আর আতঙ্ক। সেই কঠিন সংকটময় সময়ে সেনাবাহিনী যেভাবে আমাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে এবং খাবার সহায়তা দিয়েছে, তা আমাদের জন্য সেই পরিস্থিতিতে সাহস জোগিয়েছে তাই আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি চির কৃতজ্ঞ প্রকাশ করছি।
দুর্গত এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা স্বাস্থ্যঝুঁকি না তৈরি হয়, সেজন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
বান্দরবানের ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করা স্থানীয় সচেতন মহলের মতে, দুর্গম পার্বত্য এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সেনাবাহিনীর দ্রুত সাড়াদান ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার সাথে সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ বান্দরবানবাসীকে দুর্যোগের ধকল কাটিয়ে উঠতে সাহস জুগিয়েছে।
বন্যা পরিস্থিতি উন্নতির পথে থাকলেও, ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের জন্য সেনাবাহিনীর সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর এমন জনবান্ধব ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন বান্দরবানের সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন
Array