বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ
বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর সকালে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অব. অনুপম কুমার চাকমা, এনডিসি, পিএসসি-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ৩ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃষির যান্ত্রিকীকরণ এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সঠিকভাবে এসব উপকরণের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে আধুনিক পাওয়ার টিলার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শেষাংশে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন
Array