বান্দরবান শহরের ঐতিহ্যবাহী ‘রাজার মাঠ’ দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান
বান্দরবান শহরের ঐতিহ্যবাহী ‘রাজার মাঠ’ দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবান পার্বত্য জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শতবর্ষের স্মৃতিবিজড়িত ও ঐতিহ্যবাহী ‘রাজার মাঠ’ দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে বান্দরবান পৌরসভা। দীর্ঘদিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে শহরের একমাত্র মুক্ত খেলার মাঠটিতে শিশু-কিশোরদের সুস্বাস্থ্য ও সুস্থ বিনোদনের পরিবেশ ফিরিয়ে আনতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও অধিবাসীদের মতে, শহরের প্রাণকেন্দ্রের এই ঐতিহ্যবাহী মাঠটি দীর্ঘদিন ধরে একশ্রেণীর অসাধু দখলদারের দখলে থাকায় এর সার্বিক পরিবেশ চরমভাবে বিনষ্ট হচ্ছিল। দিনে কিশোর গ্যাংয়ের অড্ডাস্থল এবং রাতের অন্ধকারে ছিনতাইকারী ও মাদকসেবীদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছিল ঐতিহাসিক এই রাজবাড়ির মাঠটি। অন্ধকার নামলেই মাঠটিতে তৈরি হতো আতঙ্কজনক পরিবেশ, ফলে আশপাশের বাসিন্দা ও পথচারীরা রাতে এই পথ দিয়ে চলাচলে ভয় পেতেন।
দখলদারদের সীমাহীন দৌরাত্ম্য এবং নিরাপত্তাহীনতার কারণে শহরের শিশু-কিশোরদের একমাত্র ভরসাস্থল এই মাঠে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। খেলাধুলার সুস্থ সুযোগ না থাকায় উঠতি বয়সের কিশোরদের একটি বড় অংশ অপরাধপ্রবণতায় ঝুঁকে পড়ার আশঙ্কা তৈরি হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরে চরম ক্ষোভ ও উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছিলেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।
এমতাবস্থায়, মাঠের পুরনো ঐতিহ্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযানে নামে পৌরসভা কর্তৃপক্ষ। উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে মাঠের সীমানা সংলগ্ন অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট সরিয়ে নিয়ে মাঠটিকে সার্বিকভাবে উন্মুক্ত করা হয়।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, রাজার মাঠ কেবল একটি খেলার মাঠ নয়, এটি বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক। কোনো অবস্থাতেই এই মাঠকে অবৈধ দখল বা অপরাধের আস্তানা হতে দেওয়া হবে না। উচ্ছেদ করা স্থানে যেন পুনরায় কোনো দখলদার বসতে না পারে, সেজন্য নিয়মিত তদারকি চালানো হবে। একই সাথে মাঠের নিরাপত্তা নিশ্চিতে আলোর ব্যবস্থা এবং পুলিশি টহল জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়।
পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের বান্দরবানবাসী। স্থানীয় অভিভাবকরা স্বস্তি প্রকাশ করে জানান, দখলমুক্ত করার ফলে এখন থেকে শিশুরা নিরাপদে খেলাধুলা করতে পারবে। দ্রুত সময়ের মধ্যে মাঠের সার্বিক নিরাপত্তা জোরদার করে শিশু-কিশোরদের খেলার উপযোগী রাখা এবং সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন
Array