লামায় পাহাড় ধসে ১০ দিন ধরে সড়ক বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী।
লামায় পাহাড় ধসে ১০ দিন ধরে সড়ক বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী।
মুহাম্মাদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকায় পাহাড় ধসের কারণে চাম্পাতলী স-মিল থেকে টি.টি. অ্যান্ড ডি.সি. খেলার মাঠ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি গত ১০ দিন ধরে বন্ধ রয়েছে। সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছপালা নেমে আসায় সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের পর পাহাড় ধসে সড়কটির একটি অংশ মাটি ও গাছপালায় ঢেকে যায়। এরপর থেকে সড়কটি পরিষ্কার না করায় এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়-কলেজে যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সড়কটি সচল করার জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই ভোগান্তি বাড়ছে। তারা দ্রুত সড়কটি পরিষ্কার করে যান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে লামা পৌরসভার সহকারী প্রকৌশলী রুই প্রু অং মার্মা বলেন, “বিষয়টি এতদিন আমাদের নজরে আসেনি। তবে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের আশা, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে জনদুর্ভোগ কমবে এবং গুরুত্বপূর্ণ এ সড়কে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হবে।


আপনার মতামত লিখুন
Array