সাতকানিয়ায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার।
সাতকানিয়ায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার।
নিজস্ব প্রতিনিধি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও চোরাকারবারিদের গ্রেফতারে অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতকানিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বাজালিয়া ইউনিয়ন এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের পর, গত ২১ মে ২০২৬ খ্রিঃ তারিখ রাত ২৩:২০ ঘটিকায় র্যাবের একটি দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১৩নং বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন আসামী পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ঘেরাও করে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী নাম: কপিল উদ্দিন @ কফিল উদ্দিন(৩৪), পিতা: মৃত সালেহ আহম্মদ, সাং: দক্ষিণ চরতি (০৭ নং ওয়ার্ড, ০১ নং চরতি ইউপি), থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামী কপিল উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সিআর মামলা নং-৮৬৭/২৪ [ধারা-১৪৩/৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড (দণ্ডবিধি); প্রসেস নং-৫৬৫৬/২৬, রিসিভ নং-৪৪১/২৬] এর অধীনে একটি হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও অপরাধীদের দমনে র্যাব-১৫ এর এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন
Array