রুহিয়ায় এইচএসসি ফলাফলে শীর্ষে গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়
রুহিয়ায় এইচএসসি ফলাফলে শীর্ষে গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি -২০২৬) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়। প্রাপ্ত তথ্যে জানা যায়, রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৭৩.২৮ শতাংশ এবং সর্বমোট ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। অঞ্চলের অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফলে দেখা যায়, রুহিয়া টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে পাসের হার ৫৪.৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী। এছাড়া ঢোলারহাট টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে পাসের হার ৪৭.৮৪ শতাংশ, রুহিয়া সালেহিয়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ৩৬.৬৭ শতাংশ এবং রুহিয়া ডিগ্রি কলেজে পাসের হার ১৭.৪২ শতাংশ (যেখানে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন)। এই ধারাবাহিক সাফল্য প্রসঙ্গে রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, নিয়মিত তদারকি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। পাশাপাশি অভিভাবকবৃন্দের সহযোগিতা ও সার্বিক শৃঙ্খলার কারণে প্রতিষ্ঠানটি রুহিয়া অঞ্চলে শীর্ষ স্থান বজায় রাখতে পেরেছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনে আমরা আশাবাদী। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন বলেন, রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়টি শুরু থেকেই শিক্ষার মান বজায় রেখে আসছে। প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করার জোরালো দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন
Array