বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বান্দরবান জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রতিনিধি ও পিপি মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং শুভেচ্ছা জানান বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ নুরুল আবছার, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোঃ জসীম উদ্দীন খান এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও অবকাঠামোগত অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের শিক্ষা ও গবেষণার প্রসারে স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বান্দরবানের উচ্চশিক্ষার দিগন্ত প্রসারে জেলা পরিষদের নিরলস সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বৈঠক শেষে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন
Array